অর্থনীতি ডেস্ক :: ঈদের ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকাসহ সেবা নিরবচ্ছিন্ন রাখার তাগিদ
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিতের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে এই সময়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ছাড়াও পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট সেবাও নিরবচ্ছিন্ন রাখার তাগিদ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সব তফসিলি ব্যাংক ছাড়াও সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পবিত্র ঈদুল আজহার ছুটিতে এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এর মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিতে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হলো
এটিএম সেবা:
* সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করা।
* এটিএমে কোনো প্রকার কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে নিরসনের ব্যবস্থা গ্রহণ করা।
* এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করা।
* এটিএম বুথে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।
* প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা কর্তৃক এটিএম বুথ পরিদর্শনের ব্যবস্থা করা।
পিওএস সেবা:
* সার্বক্ষণিক পিওএস এবং কিউআর কোড ভিত্তিক লেনদেন সেবা নিশ্চিত করা।
* জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহকদের সচেতন করা।
ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ে:
* অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত লেনদেন ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফেক্টর অথেন্টিকেশন (টুএফএ) ব্যবস্থা আবশ্যিকভাবে নিশ্চিত করা।
* ‘৮৫’ রেসপন্স কোড সম্বলিত লেনদেনের সেটেলম্যান্ট রিপোর্ট পাওয়ার পর রিসিভিং ব্যাংক কর্তৃক নিজ উদ্যোগে তাৎক্ষণিকভাবে বেনিফিসিয়ারি গ্রাহকের হিসাবে ফান্ড ক্রেডিট করা।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)
* এমএফএস প্রদানকারী সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলো কর্তৃক নিরবচ্ছিন্ন লেনদেন এবং এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা।
এছাড়াও ঈদের ছুটিকালীন সময়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে ব্যাংক ও আর্থিক সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর প্রতি বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো-
* ঈদের ছুটিকালীন সময়ে পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কর্তৃক উপর্যুক্ত সেবার আওতার সিস্টেমগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ঝুঁকি মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
* উপরোল্লিখিত সেবার আওতায় যেকোনো অংকের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের অবহিত করা।
* ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণার ব্যবস্থা করা।
* এসব লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হয়, তার ব্যবস্থা গ্রহণ করা এবং সার্বক্ষণিক হেলপ লাইন সহায়তা প্রদান করা।