নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে জোড়া খুন, আতঙ্কিত সাধারণ মানুষ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক দুই ঘটনায় আব্দুর রশিদ এবং সাগর নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাতে এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদকে (৪৫) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। রোববার ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগর নামের এক যুবককেও হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, আব্দুর রশিদ ও সাগর উভয়ই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। হঠাৎ দুই জনের মৃত্যুতে ওই এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।