শিরোনামঃ
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল শিশুর লাশ শেবাচিম হাসপাতালের সামনে চুরির সময় চোর হাতেনাতে আটক পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২ পটুয়াখালীতে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশাল বিভাগে ৮ বছরে ১ হাজার ২৫৬ খুন বরিশালের দুই বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ কোতয়ালী মডেল থানা পুলিশ ব্যাপক তৎপরতা ১ মাসে নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী আটক বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 15, 2026,
  • 43 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী হাত-পা উদ্ধারের ৩ দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমীন (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ ও মাথা উদ্ধার করেছে পুলিশ। এর আগে তাঁর একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার একটি ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামে এক নারী ও আবুল বশার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় তাঁর কথাবার্তায় অসংগতি ধরা পড়ে বলে অভিযোগ করেন তাঁরা। একপর্যায়ে শাহিদা আত্মগোপনে চলে যান।

গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার একটি ধানখেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গ রুহুল আমীনের বলে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ৯টা থেকে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।

পুলিশের দাবি, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে আবুল বশার ও তাঁর সহযোগী সোহেল তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উল্লেখ রয়েছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo