বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে প্ল্যানবহির্ভূত ভবন নির্মাণ ও জমিতে অনুপ্রবেশের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বরিশাল নগরীর ফল পট্টি এলাকায় প্ল্যানবহির্ভূতভাবে ভবন নির্মাণ, প্রতিবেশীর সীমানা প্রাচীর ভেঙে জমিতে অবৈধ অনুপ্রবেশ এবং দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ভূমির মালিক সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বরিশাল মৌজার জে.এল. নং-৪৯, এস.এ. ৪৮ নং খতিয়ানের সংশ্লিষ্ট দাগভুক্ত জমির পার্শ্ববর্তী মালিক শ্রী অনীল বাবু সিটি কর্পোরেশনের অনুমোদিত নকশা (প্ল্যান) ছাড়াই ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। একই সঙ্গে অভিযোগকারী দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি তার নির্মিত সীমানা প্রাচীর ভেঙে অভিযোগকারীর জমিতে অবৈধভাবে প্রবেশ করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, এর আগে জেলা প্রশাসকের নির্দেশে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিন তদন্ত ও জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩১ জুলাই ২০২৩ তারিখে অভিযোগকারীর জমির সীমানা নির্ধারণ করে দেন। এরপর নির্ধারিত সীমানা অনুযায়ী প্রাচীর নির্মাণ করে তিনি শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছিলেন।
বর্তমানে অভিযোগকারী পরিবারসহ ঢাকায় অবস্থান করায় সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি সীমানা প্রাচীর ভেঙে তার জমিতে অনুপ্রবেশ করে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্ল্যানবহির্ভূত নির্মাণকাজ বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী। অন্যথায় তার অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, বরিশাল এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।