নিউজ ডেস্ক :: প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৪
নোয়াখালীতে শারীরিক প্রতিবন্ধী যুবক কবির হোসেনকে (৩৫) পিটিয়ে ও দফায় দফায় নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও পুলিশি তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলাউদ্দিন মুন্সী (২৮), মো. ফারুক উদ্দিন শুভ (২৪), মো. হোসেন (৩৪) ও মো. তারেক (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কবির হোসেন সুধারাম থানাধীন নোয়াখালী ইউনিয়নের ইসলামপুর বাজারসংলগ্ন গাইন বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত হানিফের ছেলে। শারীরিক প্রতিবন্ধিতার কারণে তিনি স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারতেন না এবং প্রায়ই এলাকায় একা ঘোরাফেরা করতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর সকাল ১১টার দিকে অভিযুক্তরা কবির হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় ছেলেকে রক্ষা করতে তার মা কমলা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়। একপর্যায়ে কবিরকে নাইলনের রশি দিয়ে বেঁধে দফায় দফায় মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও মুখে রক্তের উপস্থিতি পাওয়া যায়
ঘটনায় নিহতের মা কমলা বেগম (৫২) বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের টুকরা, গাছের লাঠি ও নাইলনের রশি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।