অর্থনীতি ডেস্ক :: ডিজেল সংকট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত: আইইএ
মধ্যপ্রাচ্য ও রাশিয়ার সংঘাতের কারণে ডিজেলের উৎপাদন ব্যাহত হওয়ায় আগামী বছরজুড়েও বিশ্ববাজারে এর সংকট বজায় থাকতে পারে। আর ডিজেলের উচ্চমূল্য মূল্যস্ফীতি যেমন বাড়াবে, তেমনি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। খবর রয়টার্সের।
বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এই পূর্বাভাস দিয়েছে। জ্বালানি বাজার স্বস্তি ফেরাতে আইইএ’র জরুরি মজুত থেকে কী পরিমাণ এবং কখন ডিজেল বাজারে ছাড়া হবে, সে বিষয়ে আলোচনার জন্য আয়োজিত একটি বৈঠকের প্রাক্কালে সংস্থাটির পক্ষ থেকে এই সতর্কতা দেয়া হয়।
শিল্প, কৃষি এবং পরিবহন খাতে ডিজেলের ব্যাপক চাহিদার কারণে এর মূল্যবৃদ্ধির বিষয়টি রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ধরনের চাপ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে তাদের ডিজেলের মজুত ছাড়ার তাগিদ দিয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দেন তিনি
শিল্পোন্নত দেশগুলোকে পরামর্শ দেয়া এবং তাদের জরুরি তেল মজুত ব্যবস্থাপনা পর্যবেক্ষণকারী সংস্থা আইইএ তাদের এক মাসিক প্রতিবেদনে বলেছে, ‘পণ্য পরিবহন খরচ বাড়িয়ে এবং প্রকৃত আয়, অর্থনৈতিক কর্মকাণ্ড ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলার মাধ্যমে রেকর্ড ডিজেলের দাম এরই মধ্যে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলছে।’
সংস্থাটি জানায়, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানিতে সম্মিলিত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১৩ লাখ ব্যারেলে। আইইএ জানিয়েছে, বছরের যে সময়ে সাধারণত ডিজেলের মজুত বাড়ে, দীর্ঘস্থায়ী সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে ঠিক সেই সময়েই মজুত কমে যাওয়ায় ডিজেলের বাজার চরম চাপের মুখে পড়েছে।
সংস্থাটি আরও উল্লেখ করে, ‘যদি মধ্যপ্রাচ্য সংকটের কোনও সমাধান না হয়, তাহলে মজুর ক্ষয় হতে থাকায় ২০২৭ সালে তেলের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।