বরিশালে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: অপহণে বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম, বাড়িঘর লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 1, 2026,
  • 127 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: অপহণে বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম, বাড়িঘর লুটপাট

নিজস্ব প্রতিবেদক,বরিশাল নগরীর চানমারি মাদ্রাসা গলি এলাকায় আল-আমিন নামে এক কাঠমিস্ত্রিকে অপহরণচেষ্টায় বাধা দেওয়ায় দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে চানমারি মাদ্রাসা কলোনির ভেতরে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন— ওই এলাকার মৃত মোশারেফ মুন্সির ছেলে ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী তরিকুল ইসলাম তারেক এবং তার বড় ভাই আরিফ। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত তারেক জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের বাসার পাশের ভাড়াটিয়া কাঠমিস্ত্রি আল-আমিনকে মারধর করে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল স্থানীয় কিশোর গ্যাং লিডার বাপ্পি ও তার সহযোগীরা। এ সময় তারেক বাধা দিয়ে আল-আমিনকে ছাড়িয়ে আনেন। এতে বাপ্পির সাথে তার তর্কের সৃষ্টি হলে তারেকের বড় ভাই আরিফ এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
পরবর্তীতে দুই ভাই নিজেদের বাসায় ফিরে গেলে কিছুক্ষণ পরই বাপ্পি, ভুলু, রাকিব, রাব্বি ও সাগরসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। প্রাণের ভয়ে দুই ভাই ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি ও তার সহযোগীরা চানমারি মাদ্রাসা এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক। অভিযোগ রয়েছে, গত ৫ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এলাকায় একের পর এক চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে এই কিশোর গ্যাংটি। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পায় না।

হামলার শিকার পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo