ক্রিয়া ডেস্ক :: ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময়
জমে উঠেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। গ্রুপ পর্বে প্রতিটি দল একটি করে ম্যাচ শেষ করেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ২৪টি ম্যাচে ফুটবল বিশ্ব পেয়েছে উত্তেজনা, গোলবন্যা এবং একাধিক চমক। হট ফেভারিট আর্জেন্টিনার পাশাপাশি জয় পেয়েছে ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মতো শক্তিশালী দলগুলো।
একই সঙ্গে নজর কেড়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া কয়েকটি দলও। বিশেষভাবে আলোচনায় এসেছে স্পেনের বিপক্ষে ড্র করা কেপ ভার্দে এবং ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে পর্তুগালের সঙ্গে ড্র করে ফুটবল বিশ্বে আলোড়ন তোলা ডিআর কঙ্গো। শক্তিশালী দলগুলোর বিপক্ষে এমন পারফরম্যান্সকে এবারের আসরের অন্যতম বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ১০৯টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যা আগের সর্বোচ্চ ৬৪ ম্যাচের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ১২টি গ্রুপে ২৪টি ম্যাচ শেষ হয়েছে। বাকি রয়েছে আরও ৮৫টি ম্যাচ। এছাড়াও এখন পর্যন্ত বিশ্বআসরে ৩টি লাল কার্ডের ঘটনা ঘটেছে। যার সবগুলোই মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচে।
আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও সুইডেনের মতো হেভিওয়েট দলগুলো নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। অন্যদিকে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, উরুগুয়ে ও মরক্কো ড্র করে সমর্থকদের কিছুটা হতাশ করেছে।
ইতোমধ্যে গ্রুপ পর্বের ২৪ ম্যাচ শেষ হয়েছে। যেখানে মোট গোল হয়েছে ৭৫টি। ১৫টি ম্যাচে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে, আর ৯টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নিজেদের শক্তি ও অভিজ্ঞতার ছাপ রেখে তারা প্রতিপক্ষকে ৭-১ গোলে হারিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পেয়েছে সুইডেন, যারা তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র গোলশূন্য ম্যাচ ছিল স্পেন ও কেপ ভার্দের মধ্যকার লড়াই।
বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে টুর্নামেন্টের সব আলো কেড়ে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এছাড়া জোড়া গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের আর্লিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন
এবারের বিশ্বকাপ যৌথভাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ। অভিজ্ঞতা ও দীর্ঘ পথচলার এই আসরে দুজনই গড়েছেন নতুন ইতিহাস। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন মেসি, যা ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে মাত্র ১ লাখ ৫৫ হাজার জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও ৭-১ গোলের ব্যবধানে হারলেও দলটির এই অভিষেক অভিযানের সবচেয়ে বড় আলোচনার জায়গা হয়ে উঠেন তাদের অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাট। ৭৮ বছর ২৬০ দিন বয়সে জার্মানির বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে নতুন রেকর্ড গড়েন।
এর আগে এই রেকর্ডটি অল্প সময়ের ব্যবধানে একাধিকবার হাতবদল হয়। দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুশ এবং চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কৌবেক সাময়িকভাবে এই তালিকায় শীর্ষে ছিলেন। শেষ পর্যন্ত অ্যাডভোকাটের অভিজ্ঞতাই বিশ্বকাপ ইতিহাসে স্থায়ী জায়গা করে নেয়, আর কুরাসাওয়ের অভিষেক গল্প হয়ে ওঠে এক অনন্য রেকর্ডের অংশ
অন্যদিকে, ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেদিন তার বয়স ছিল ৪১ বছর ১৩২ দিন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামা খেলোয়াড় হিসেবে নতুন কীর্তি গড়েন।
এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক হিসেবে উঠে এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস, যিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনিয়া’ নামেও পরিচিত। স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি একাই দেয়াল হয়ে দাঁড়ান। করেন ৭টি অসাধারণ সেভ এবং লামিনে ইয়ামালদের আক্রমণভাগকে বারবার হতাশ করেন।
টাকার অভাবে মাকে সঙ্গে আনতে না পারার কষ্ট নিয়েও মাঠে নেমে অসাধারণ পারফরম্যান্স করেছেন এই গোলরক্ষক। তার এই নৈপুণ্য তাকে এবারের আসরের অন্যতম আলোচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে
এ গ্রুপ
এই গ্রুপে রয়েছে স্বাগতিক মেক্সিকো। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মেক্সিকোর পরেই রয়েছে সমান ৩ পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
বি গ্রুপ
এই গ্রুপে রয়েছে বিশ্বকাপের আরেক স্বাগতিক দল কানাডা। গ্রুপের প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে। তবে কোনো দলই এখন পর্যন্ত জয় পায়নি। ১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কানাডা। কাতার ও বসনিয়া-হার্জেগোভিনা রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
সি গ্রুপ
এই গ্রুপে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড, মরক্কো ও হাইতি। তবে বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে