নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেপ্তার
বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বৃহস্পতিবার (১৮ জুন) বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুন বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ জন, বরিশাল মহানগর অধ্যাদেশে ১৮ জন এবং বিভিন্ন নিয়মিত ও পূর্বের মামলায় আরও ৭ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
বিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মহানগর পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।