নিজস্ব প্রতিবেদক :: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান
শিক্ষার্থীদের আন্দোলন ও কার্যালয়ে তালা ঝোলানোর মুখে বরিশাল জেলা সিভিল সার্জন পদে সদ্য পদায়ন পাওয়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলামের গত ৩০ জুলাইয়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বরিশাল সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে সদ্য যোগ দেওয়া ডা. মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আগামী ৩ আগস্টের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, গত ২৪ জুলাই ডা. মনিরুজ্জামান বরিশালের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। তবে পদায়ন ও যোগদানের পরপরই তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বৈরাচারী সরকারের সহযোগী অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় শিক্ষার্থীরা। তিনি কার্যালয়ে এলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে অবরুদ্ধ করে সিভিল সার্জন কার্যালয়ের কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেয়।
আন্দোলনের ধারাবাহিকতায় রোববার (২ আগস্ট) থেকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে সম্পূর্ণ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। অবশেষে তার এই দ্রুত বদলির প্রজ্ঞাপন জারির পর আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।