পাবনা প্রতিনিধি ::পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলাকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছেন ওই কার্যালয়ের নিরাপত্তাকর্মী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দোগাছি ইউনিয়ন শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান বলেন, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে কার্যালয়ের থাইগ্লাস ভাঙচুর করে বাইরে থেকে সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কার্যালয়ের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নৈশপ্রহরী আব্দুল ওহাব বলেন, হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে তিনি বাইরে বের হন। এ সময় হেলমেট ও মুখ ঢেকে রাখা ১০ থেকে ১৫ জনের একটি দল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে আসে। তারা জানালার কাচ ভাঙচুর করে ভেতরে দুটি থেকে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। পরে আগুন দিয়ে চলে যায়। ঘটনার পর রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
আসাদুজ্জামান জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে আরেকটি দল সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে