ক্রিয়া ডেস্ক :: চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার!
নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যেন দিন দিন বাড়ছেই। ব্রাজিলের এই তারকা ফুটবলার এবার সত্যিই ক্যারিয়ার শেষ করার কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন। একের পর এক চোট ও শারীরিক সমস্যায় ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। এসব সমস্যা তার প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করার সক্ষমতাকেও প্রশ্নের মুখে ফেলেছে।ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাতো’র প্রতিবেদন অনুযায়ী, কিংস লিগ টুর্নামেন্ট চলাকালীন ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে আলাপচারিতায় প্রত্যাশার চেয়ে আগেই অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ৩৪ বছর বয়সী সান্তোস ফরোয়ার্ড।
আলাপের শুরুতে কিংস লিগে খেলার আগ্রহের কথা জানান নেইমার। ২০৩০ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি। এরপর গুয়েদেস তাকে প্রশ্ন করেন, অবসরের কথা কি ভাবছেন?
কনটেন্ট ক্রিয়েটর তাকে বোঝানোর চেষ্টা করেন, ২০৩০ সালে নেইমারের বয়স হবে ৩৯ বছর। এরপরও আরও পাঁচ-ছয় বছর খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে তার।
কিন্তু নেইমারের উত্তর খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তিনি বলেন, ‘না, আমি পারব না, ঠিক আছে।’
এরপরও গুয়েদেস তাকে বোঝানোর চেষ্টা করেন, বয়স কখনোই বাধা হতে পারে না।
তখনই নিজের শারীরিক অবস্থার বাস্তবতা তুলে ধরেন নেইমার। তিনি বলেন, ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’
নেইমারের এই কথায় স্পষ্ট হয়ে উঠেছে, দীর্ঘদিন ধরে চোটের কারণে তাকে কতটা শারীরিক ও মানসিক ধকল সামলাতে হচ্ছে। প্রায় প্রতিটি মৌসুমেই চোট তার পিছু নিয়েছে। মাঠে স্বাভাবিক ছন্দেও ব্যাঘাত ঘটিয়েছে এসব সমস্যা।
মনে হচ্ছে, নিজের স্বপ্নের শেষ পর্যন্ত শরীরকে সুস্থ রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন নেইমার। ফুটবল ছাড়ার চিন্তা এখন তার কাছে বাস্তব সম্ভাবনা হয়ে উঠছে। যদিও খেলাটির প্রতি তার ভালোবাসা এখনো অটুট।