বরগুনায় দুর্বৃত্তের আগুনে জেলের ১৫ লাখ টাকার জাল পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 30, 2023,
  • 359 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা সদর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে এক জেলের জাল-দড়ি পুড়ে শেষ হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ভোর রাতে উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের আজগরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

বরগুনা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মা ইলিশের প্রজনন নিরাপদ করতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। জেলেরা নিষেধাজ্ঞা মেনে নদীর তীরে ট্রলার জাল ঘুছিয়ে রাখেন। আজ ভোর রাতে দুর্বৃত্তরা নদীর তীরে জালে আগুন ধরিয়ে দেয়।

আজগরকাঠি বাজারের দোকানদার আ. সালাম বলেন, রাতে শীত পড়ায় বাড়িতে যাওয়ার পথে নদীর তীরে ইলিশ ধরার জালে আগুন দেখি। এসময় ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রলার জালের মালিক মো. আবুল কালাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে নদীর তীরে ট্রলার জাল গুছিয়ে রাখা হয়। আজ ভোর রাতে দুর্বৃত্তরা জালে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১৫ লাখ টাকার জাল-দড়ি পুড়ে যায়। ঋণের টাকা সংগ্রহ করে ট্রলার জাল ক্রয় করেছি। এখন আমার সব শেষ হয়ে গেল।

তিনি আরও বলেন, কিছু দিন আগে সাগরে জাল নিয়ে ঝামেলা সৃষ্টি হয় স্থানীয় এক জেলে মো. আবুল কালামের মাঝিমাল্লার সঙ্গে। সেই ঝামেলাকে কেন্দ্র করে গত শুক্রবার সালিশি বৈঠক হয়েছিল, সেখানে আমি নির্দোষ ছিলাম। আজকে সালিশির রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই জাল-দড়িগুলো পুড়ে দিয়েছে। আমার তাদেরকে সন্দেহ হচ্ছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছি।

ওসি একেএম মিজানুর রহমান বলেন, মৌখিকভাবে শুনেছি জেলেদের জাল দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়েছে। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo