বাবুগঞ্জে প্রশাসনের বিশেষ অভিযানে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, April 13, 2026,
  • 68 সংবাদটি পঠিক হয়েছে

বাবুগঞ্জে প্রশাসনের বিশেষ অভিযানে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

 

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ৩ হাজার লিটার তেল তাৎক্ষণিক নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট ও আলফা চালকদের কাছে বিক্রি করা হয়েছে। এতে মোট ৩ লাখ ৯ হাজার ৬০০ টাকা আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

রোববার (১২ এপ্রিল) রাতে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ দল এক বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মেসার্স হাওলাদার স্টোর ও সিকদার স্টোর নামে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এসময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে ডিলার আব্দুল কুদ্দুস হাওলাদারকে ৫ হাজার টাকা এবং সাইদুর রহমান সিকদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠান দুটি থেকে ২ হাজার ৪০০ লিটার ডিজেল এবং ৬০০ লিটার পেট্রোলসহ মোট ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। অভিযুক্তরা বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে এনে উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন দোকানে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন।

এদিকে রোববার বিকেলে বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে তল্লাশী চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় মোল্লা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান মোল্লাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমান আদালতের ওই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘রোববার উপজেলা প্রশাসনের পৃথক দুইটি অভিযানে মোট ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। তাৎক্ষণিক ৩ হাজার লিটার তেল স্পট নিলামের মাধ্যমে বিক্রি করে ৩ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এনএসআই বরিশাল কার্যালয় ও স্থানীয় থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্টের এসব অভিযান পরিচালনা করা হয়। অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’ #

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo