সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার – সাইবার ট্রাইব্যুনালে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 11, 2026,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার – সাইবার ট্রাইব্যুনালে মামলা

বাউফল প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক জেষ্ঠ‍্য সাংবাদিকের স্ত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগটি আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু। মামলার নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী কামরুজ্জামান বাচ্চু বলেন, এ মামলার মাধ্যমে তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন। ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক কিংবা সুশীল সমাজের প্রতিনিধিকে নিয়ে কেউ কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য বা লেখা প্রকাশ করতে না পারে, সে জন্যই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিক পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর শিকার হচ্ছেন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গৃহিণীরাও।

এ বিষয়ে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক বলেন, বাউফলে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সব সময় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর তথ্য ও ছবি প্রচার এবং হুমকি দেওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের কর্মকাণ্ড আরও বিস্তার লাভ করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo