২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫০

বরিশালে হামের উপসর্গে আরও দুই প্রাণ ঝরল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 35 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে হামের উপসর্গে আরও দুই প্রাণ ঝরল

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি। আক্রান্ত শিশুদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিশেষ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী ভর্তি।

মঙ্গলবার সকালে হাসপাতাল প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানায়, মারা যাওয়া দুই শিশু হলো পটুয়াখালীর দুমকি উপজেলার সোহাগ খানের দুই বছরের ছেলে জিহাদ এবং ভোলার চরফ্যাশনের মো. হাসানের সাত মাস বয়সী মেয়ে হাবিবা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর ভর্তি হওয়ার দিনই মারা যায় শিশু জিহাদ। অন্যদিকে ছয় দিন ধরে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ছোট্ট হাবিবা। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতালের পরিচালক মশিউল মুনীর বলেন, হাম থেকে জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে আসা অধিকাংশ শিশুই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে।

হাসপাতাল প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ হাজার ২৮৬ জন শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৫২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৯৮ জন রোগী।

এদিকে বরিশাল বিভাগজুড়েও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হাকিম জানিয়েছেন, বিভাগে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৩৪ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিন শিশুর।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ১৪৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪০ জন। বিভাগজুড়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫০ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৭৫ জনের শরীরে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং সচেতনতার অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্ত শিশুদের আলাদা চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনদের চোখেমুখে এখন আতঙ্ক আর উৎকণ্ঠা। প্রতিদিন নতুন নতুন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বরিশালজুড়ে সৃষ্টি হয়েছে গভীর উদ্বেগ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo