৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের রামু উপজেলায় ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার সহযোগী এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ছালেহা বেগম (৪৫) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী। অন্যজন মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)। তিনি উখিয়া উপজেলার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশের তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় সেই বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছালেহা ও তার সহযোগীকে আটক করা হয়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আটক দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে মাদক কারবারি চক্রটির অন্য সদস্যদের আটক করতে অভিযান চলছে।