নিউজ ডেস্ক :: স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মাগুরা সদর থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিসিআইসির সমন্বয়ে গত রাতে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মো. শাহীন আলম ওরফে শাহীন (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং খালিদ হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।