নিউজ ডেস্ক :: দালালের খপ্পরে রুশ সেনাবাহিনীতে যোগ যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশি তরুণের
কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর (২৪) নামের এক তরুণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে তার পরিবার ও স্থানীয় সূত্র।
সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তার বোনকে ফোন করে জানান, সাগর মারা গেছেন। এ খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে কিশোর বয়স থেকেই রিকশা-ভ্যান চালিয়ে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতেন।
২০২৫ সালের মাঝামাঝিতে ওই দোকান ম্যানেজারের সহযোগিতায় ৬ লাখ টাকায় রাশিয়ায় পাড়ি জমান সাগর। সেখানে প্রায় ৭০ হাজার টাকা বেতনে একটি বেকারিতে কাজ নেন।
রাশিয়ায় এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় সাগরের। ওই দালাল তাকে রুশ সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত করে দেবেন বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান।
চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চলে যান সাগর। এরপর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সাগরের চাচা আব্দুল আওয়াল বলেন, ‘সাগর যখন রাশিয়ার বেকারিতে চাকরি ছেড়ে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরির কথা আমাকে জানায়, তখন তাকে নিষেধ করেছিলাম। ওই দেশের দালাল তাকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে। শনিবার তার বন্ধু জানিয়েছে, সাগর মারা গেছে।’