নিউজ ডেস্ক :: পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে পূজার আনুষ্ঠানিকতার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম প্রিয়াঙ্কা দাশ (৩২)। তিনি ওই এলাকার পলাশ দাশের স্ত্রী। এই দম্পতির পুষ্পিতা দাশ ও অর্পিতা দাশ নামের দুটি মেয়ে রয়েছে। পুষ্পিতা সপ্তম শ্রেণির শিক্ষার্থী আর অর্পিতা দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
নিহত প্রিয়াঙ্কা দাশের স্বজন বাদল দাশ বলেন, ‘দুর্গাপূজার অষ্টমীর দিনে অশ্বিনীকুমার ব্রতের ভাত নামে আমাদের একটি পূজা ছিল আজ। সেই পূজার আনুষ্ঠানিকতা করতে পূজার সরঞ্জাম নিয়ে সকালে বাড়ির পাশের পুকুরে যায় প্রিয়াঙ্কা দাশ। পুকুরটিতে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ একটি তার ছিঁড়ে পানিতে পড়েছিল। না জেনে সে পানি ধরতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে প্রিয়াঙ্কার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রিয়াঙ্কার লাশ উদ্ধার করে।’