পাকিস্তানে নিজ বাসায় গু/লিবি/দ্ধ সংবাদ উপস্থাপকের মরদেহ উদ্ধার, আটক স্বামী
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাবিয়া আহসান নামে এক টেলিভিশন সংবাদ উপস্থাপকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী আহসানকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) আদিয়ালা রোডে তাঁদের বাসার শয়নকক্ষ থেকে রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলার নিচের দিকে গুলির ক্ষত ছিল। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক সোখেরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
রাবিয়া পাকিস্তানের বেসরকারি উর্দুভাষী টেলিভিশন চ্যানেল ৯২ নিউজের সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় স্বামী আহসানকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার সময় বাসার ওই কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক সোখেরা বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের কক্ষ থেকে অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তদন্ত বিভাগের প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যান। হত্যার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক বিভাগের সদস্যরা।
তবে রাবিয়া আহসানের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্তাধীন