ঘুচবে ঢাকামুখী ভোগান্তি: বরিশালসহ ৫ জেলায় শিশু হাসপাতাল চালুর চূড়ান্ত প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর বরিশালসহ দেশের পাঁচ জেলায় নবনির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালগুলো চালুর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হাসপাতালগুলোর প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানেই উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের তথ্য জানানো হয়।
নবনিযুক্ত উপপরিচালকদের তালিকা
বরিশাল শিশু হাসপাতাল: ডা. মো. মজিবর রহমান (বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত; তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই পদে দায়িত্ব পালন করবেন)। রাজশাহী শিশু হাসপাতাল: ডা. মো. বেলাল হোসেন (স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক)। রংপুর শিশু হাসপাতাল: ডা. মো. মোস্তফা জামান (রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক)। কুমিল্লা শিশু হাসপাতাল: ডা. মো. জহিরুল ইসলাম (কুমিল্লার সিভিল সার্জন; তিনিও নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন)। খুলনা শিশু হাসপাতাল: ডা. শওকত আলী (খুলনা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক)।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৩০ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
রাজধানী ঢাকার বাইরে শিশুদের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২০১৬-১৭ অর্থবছরে বরিশাল, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও খুলনায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উপযোগী অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও জনবল ও সরঞ্জাম সংকটে দীর্ঘদিন হাসপাতালগুলো চালু করা সম্ভব হয়নি। ফলে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অভিভাবকদের ঢাকামুখী হতে হতো।
অবশেষে বর্তমান সরকারের উদ্যোগে গত ৯ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে এই পাঁচটি প্রতিষ্ঠানকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং কার্যক্রম পরিচালনার জন্য ৭১৫টি নতুন পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়। গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী দ্রুত হাসপাতালগুলো চালুর ঘোষণা দেওয়ার পর প্রশাসনিক প্রক্রিয়া আরও গতিশীল হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, শীর্ষ পদে উপপরিচালক নিয়োগের মাধ্যমে হাসপাতালগুলো সচল করার মূল ধাপটি সম্পন্ন হলো। এখন দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সমন্বয় করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হলে দক্ষিণাঞ্চলসহ দেশের পাঁচটি অঞ্চলের লাখো শিশু ও তাদের পরিবার বড় ধরনের ভোগান্তি থেকে মুক্তি পাবে।