বরগুনা কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ হারালেন শ্রমিক
বরগুনা প্রতিনিধি :: বরগুনা সদর উপজেলায় মুরগির খামারের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (শ্রমিক) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ক্রোক সুইজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন বরগুনা পৌরসভার আমতলারপাড় এলাকার মৃত ইব্রাহিম খলিলের ছেলে। তিনি ক্রোক সুইজ এলাকার হাসেম হাওলাদারের ছেলে জুয়েলের মুরগির খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাজের প্রয়োজনে কাঠের গুঁড়ির বস্তা নিয়ে খামারের তিনতলা ভবনের ছাদে ওঠেন বেলাল। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজী জুবায়ের হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার তদন্ত ওসি ইউনুস আলী ফরাজী জানান, বরগুনা শহরের ক্রোক এলাকায় ছাদ থেকে পড়ে বেলাল হোসেন নামে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।