শিরোনামঃ

পদ-পদবির আশায় বিয়ে পিছিয়ে দিচ্ছেন বরিশালের ছাত্রদল নেতারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, April 27, 2026,
  • 97 সংবাদটি পঠিক হয়েছে

 

পদ-পদবির আশায় বিয়ে পিছিয়ে দিচ্ছেন বরিশালের ছাত্রদল নেতারা

নিজস্ব প্রতিবেদক :: বিয়ে করার স্বাভাবিক বয়স অনেক আগেই পেরিয়ে গেলেও এখনো অবিবাহিত রয়েছেন বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের ডজনখানেক নেতা। দলীয় পদ-পদবির প্রত্যাশায় তারা বিয়ে থেকে বিরত আছেন—এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে।

 

জানা গেছে, ৫ আগস্টের আগে রাজনৈতিক পরিস্থিতির কারণে মামলা-হামলার ভয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এসব নেতা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বাধা না থাকলেও তারা এখন বিয়ে করছেন না। কারণ, শিগগিরই জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। অনেকের ধারণা, বিবাহিত হলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

২০১১ সালে গঠিত আহ্বায়ক কমিটির পর ২০১৮ সালের ১৯ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। দীর্ঘ ৮ বছর পর নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় শুরু হয়েছে পদ-পদবি পাওয়ার দৌড়ঝাঁপ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে মাঠে রয়েছেন অন্তত ১৪ জন নেতা, যাদের বেশিরভাগের বয়স ৩৩ থেকে ৩৮ বছরের মধ্যে।

 

মহানগর কমিটিতে সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সহসভাপতি তরিকুল ইসলাম তরিক, মুশফিকুর রহমান অভি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাসনিমসহ আরও কয়েকজন। জেলা কমিটির ক্ষেত্রেও সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতারা দৌড়ে রয়েছেন।

 

তবে পদ পাওয়ার আশায় বিয়ে না করার বিষয়টি সরাসরি স্বীকার করেননি নেতারা। তাদের দাবি, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, মামলা-হামলা ও সংগঠনের টানাপোড়েনের কারণে ব্যক্তিগত জীবন গুছিয়ে নেওয়া সম্ভব হয়নি।

 

মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী তরিকুল ইসলাম তরিক বলেন, “দীর্ঘদিন সংগঠনের ধারাবাহিকতা না থাকায় ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে টিকে থাকাই ছিল চ্যালেঞ্জ।”

 

জেলা ছাত্রদলের এক নেতা বলেন, “সংগঠনের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় রাজপথে ও কারাগারে কাটিয়েছি। সে সময়ে পরিবার গড়া সম্ভব ছিল না। এখন দল আমাদের ত্যাগের মূল্যায়ন করবে—এই আশায় আছি।”

 

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, তৃণমূলের নেতাকর্মীদের এই ত্যাগের ইতিহাস দীর্ঘদিনের। তারা মূল্যায়ন পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

 

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, দলের কেন্দ্রীয় নেতৃত্ব সবকিছু বিবেচনা করে যোগ্যদের মূল্যায়ন করবে।

 

নতুন কমিটি গঠনকে ঘিরে বরিশালের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা ও তৎপরতা বাড়তে শুরু করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo