শায়েস্তাবাদে ২ লাখ টাকার ষাঁড় জবাই, প্যানেল চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে জিডি
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন এলাকায় একটি ষাঁড় গরু ধরে নিয়ে জবাই করে মাংস বিক্রি ও ভাগ-বণ্টনের অভিযোগ উঠেছে স্থানীয় প্যানেল চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সোহেল হাওলাদার কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, বন্দর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা মোঃ সোহেল হাওলাদার (৪০) জানান, প্রায় ৭-৮ বছর আগে এলাকার লোকজন সম্মিলিতভাবে একটি ষাঁড় গরু ক্রয় করে সমাজে ছেড়ে দেন। গরুটি দীর্ঘদিন ধরে কাউনিয়া থানাধীন রাজাপুরসহ আশপাশ এলাকায় বিচরণ করত। বর্তমানে গরুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ২,০০,০০০ টাকা।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজাপুর চর এলাকা থেকে অভিযুক্তরা গরুটি ধরে নিয়ে যায়। পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ৩টার দিকে গরুটি জবাই করা হয়। পরে কিছু মাংস বিক্রি করে দেওয়া হয় এবং অবশিষ্ট মাংস অভিযুক্তদের মধ্যে ভাগ-বণ্টন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে অভিযুক্ত হিসেবে শামছুল কবিরসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে স্থানীয় এক প্যানেল চেয়ারম্যানও রয়েছেন।
ভুক্তভোগীর দাবি, গরুটি খোঁজ করতে গিয়ে স্থানীয় কয়েকজন সাক্ষীর মাধ্যমে তারা ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কাউনিয়া থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।