নিজস্ব প্রতিবেদক :: বরিশালে দিন-রাত তীব্র লোডশেডিংয়ে দিশেহারা মানুষ
তীব্র লোডশেডিংয়ে দিশেহারা হয়ে পড়েছেন বরিশাল নগরীর মানুষ। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এদিকে টানা লোডশেডিং বন্ধ করে জনজীবন স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাঁর আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ৬২ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩৯ মেগাওয়াট। ফলে ঘাটতি পূরণে প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে।
অন্যদিকে বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তাঁর আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ৪০ মেগাওয়াট। এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২০ মেগাওয়াট। চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং দিতে হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে জাতীয় গ্রিডে সরবরাহ কমেছে। কক্সবাজারের এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও এর প্রভাব পড়েছে।
নগরবাসীর অভিযোগ, দিনে-রাতে প্রায় প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। বিশেষ করে গভীর রাতে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ে শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে। অনেক সময় অতিষ্ঠ হয়ে নগরীর বাসিন্দারা রাতের বেলায় ঘর থেকে বাইরে বের হয়ে আসছেন।
এ ছাড়া দিনের বেলায় অফিসপাড়া এবং রাতে বিভিন্ন বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
লোডশেডিং বন্ধ করে জনজীবন স্বাভাবিক করার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল।
এ অবস্থায় লোডশেডিং বন্ধ এবং জনজীবন স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ মিছিল করে বাসদ। নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে বরিশালের জনজীবন হুমকির মুখে পড়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমের মধ্যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে মানুষের প্রাত্যহিক জীবন ও কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিক্ষোভকারীরা দ্রুত লোডশেডিং পরিস্থিতির অবসান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।