নিজস্ব প্রতিনিধিঃ Global University Bangladesh-এর আইন বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
স্মৃতি, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্নকে সঙ্গে নিয়ে Global University Bangladesh-এর আইন বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১১ আগস্ট) বরিশালের পুলিশ লাইন রোডের ইউরো কিচেনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে বিদায় আয়োজনের শুভ সূচনা হয়। পরে ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, শিক্ষক মণ্ডলীর সংক্ষিপ্ত বক্তব্য, ফটোগ্রাফি সেশন এবং মধ্যাহ্নভোজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইন বিভাগের লেকচারাররা বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যজ্ঞান কর্মজীবনের ভিত্তি তৈরি করে, কিন্তু একজন সফল আইনজীবীর জন্য জ্ঞান, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমান গুরুত্বপূর্ণ।
তারা শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা, নিয়মিত অধ্যয়ন এবং পেশাগত জীবনে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। শিক্ষকদের প্রত্যাশা- ২২৩ ব্যাচের শিক্ষার্থীরা ভবিষ্যতে আইন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।
আইন বিভাগের হেড ও বিভাগের লেকচারাররা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় মানে সম্পর্কের শেষ নয়; এটি জীবনের নতুন অধ্যায়ের শুরু। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমরা আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।
তারা আরও বলেন, কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে। সেসব চ্যালেঞ্জকে ভয় না পেয়ে ধৈর্য, সততা ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদের সাফল্যই হবে শিক্ষকদের সবচেয়ে বড় অর্জন।
বিদায়ী শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। সহপাঠীদের সঙ্গে কাটানো সময়, শিক্ষকদের স্নেহ-শাসন এবং একসঙ্গে এগিয়ে চলার দিনগুলো ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান তারা।
আয়োজনে শিক্ষক মণ্ডলীর সঙ্গে গ্রুপ সিনেমাটিক গ্রাফি ভিডিও ও ছবি ও ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত ফটোগ্রাফি পর্ব বিশেষভাবে স্মরণীয় হয়ে ওঠে। সবশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে